‌‘জীবনমানের খরচ কমায় স্মার্ট সিটি’

২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৫০  
এই সিটিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলোকে মোকাবেলা করতে হবে। স্মার্ট সিটির মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলরুমে আয়োজিত ‌‌‘স্মার্ট সিটি ইনিসিয়েটিভস-বাংলাদেশ’ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের তরুণ প্রজম্মের কাজ করতে হবে। কাজ যদি আমরা না করতে পারি দেশ কিন্তু এগিয়ে যাবে না। আমাদের সীমিত সম্পদ, তার মধ্যেও কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যেতে চাচ্ছি চীনের কাছাকাছি।’ তিনি আরো বলেন, ‘ আমরা আমাদের ভিশনের দিকে এগিয়ে যাচ্ছি, স্মার্ট সিটি হলে আমাদের জীবন মান পরিবর্তন হবে। দেশ পরিবর্তন হবে। জীবন মানের খরচ কমে যাবে।’ মেয়র বলেন, ‘আমাদের জায়গায় জায়গায় গিয়ে মশা শনাক্ত করা উপায় নেই। সেগুলোকে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে শনাক্ত করতে হবে। এই সমস্যাগুলো স্মার্টলি নিয়ন্ত্রণ করতে পারলেই, স্মার্ট সিটি করা সম্ভব।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক এর ইসিই বিভাগের প্রফেসর ড. সাইফুর রহমান, আইইইই স্মার্ট সিটিজ্ স্টিয়ারিং কমিটি মেম্বার ড. রামাকৃষ্ণ কাপ্পাগানতু,  ইন্সটিটিউট অব নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং, বুয়েটের প্রফেসর ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার ড. সেলিয়া শাহনাজ প্রমুখ। ‘স্মার্ট থিঙ্কিং এন্ড স্মার্ট টেকনোলজি ফর এচিভিং এ স্মার্ট সিটি ফর বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশে স্মার্ট সিটি বাস্তবায়নের কারিগরি ও নীতি নির্ধারনীমূলক দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারস (আইইইই) বাংলাদেশ। সারা দেশ থেকে আগত আইইইই বাংলাদেশ সেকশনের টিম প্রধান, অ্যাম্বেসেডারগণ ও টিম-সদস্যগণ স্মার্ট-সিটি ধারণার প্রধান দিকগুলো, যেমন- ইলেকট্রিসিটি এন্ড পাওয়ার, ট্রান্সপোর্টেশন, এডুকেশন, ইনফরমেশন, কম্যুনিকেশন, সিক্যুরিটি, হেলথকেয়ার, ইন্ডাস্ট্রি ও হাউজিং, এবং এনভায়রনমেন্ট বিষয়ের ওপর আলোকপাত করবেন বক্তারা।